প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2025 ইং
৯৯৯-এ কল করে আত্মসমর্পণ করলেন ছাত্রলীগ নেতা

৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নেতা শরিফুল ইসলাম। পরে পুলিশ তাকে আটক করে একটি মামলায় আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায়।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে শরিফুল নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করেন।
শরিফুল ইসলাম ওরফে শরিফের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতওয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
তবে শরিফুলকে কোন মামলায় আটক রাখা হয়েছে তা তিনি নিশ্চিত করেননি।
শরিফুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মহানগরের ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তিনি শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে শিক্ষার্থীদের ধরে ধরে পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে শ্লীলতাহানি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অপরাধে বরিশাল কোতয়ালী ও বন্দর থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়। এর আগে পুলিশের ওপর হামলার অভিযোগেও তিনি আটক হয়েছিলেন।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ও তার সঙ্গীরা সার্জেন্ট মনিরুল ইসলাম ও তার সহকর্মী এক কনস্টেবলকে মারধর করে রক্তাক্ত করেন। তখন তাকে আটক করা হলেও তৎকালীন মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী হওয়ার কারণে বিষয়টি মীমাংসার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে তিনি বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার